নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট :পাঁচই ডিসেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। সেই বিশেষ দিনকে সামনে রেখে বালুরঘাট ব্লক INTTUC–এর উদ্যোগে পতিরাম পথসাথীতে পালিত হল মুখ্যমন্ত্রীর জন্মদিবস। জন্মদিন পালনকে কেন্দ্র করে এদিন একই সঙ্গে অনুষ্ঠিত হয় বালুরঘাট ব্লক INTTUC–এর একটি বিশেষ বর্ধিত সভা। কর্মসূচিকে ঘিরে শ্রমিক সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ছিল উৎসাহ ও উদ্দীপনা।এদিন বিকেলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা INTTUC–এর সভাপতি নাজিমুর রহমান, বালুরঘাট ব্লক INTTUC–এর সভাপতি রাজীব দাস, বালুরঘাট ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দনা বর্মন-সহ সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা। মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কেক কেটে শুভেচ্ছা জানানো হয় এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।বৈঠক শেষে জেলা INTTUC–এর সভাপতি নাজিমুর রহমান বলেন, “আজ পতিরাম পথসাথীতে বালুরঘাট ব্লক INTTUC–এর একটি গুরুত্বপূর্ণ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় আগামী ২০২৬ সালের নির্বাচনকে মাথায় রেখে আলোচনা হয়েছে। বিশেষ করে আগামী ৭ তারিখ থেকে শুরু হতে চলা ‘উন্নয়নের সংকল্প’ কর্মসূচিতে শ্রমিক সংগঠনের পক্ষ থেকে দলকে কীভাবে আরও শক্তিশালীভাবে সহযোগিতা করা যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি বালুরঘাট ও তপন বিধানসভা কেন্দ্রে আগামী নির্বাচনে দলকে জয়ী করতে শ্রমিক সংগঠনের ভূমিকা কী হবে, সেই বিষয়েও আমরা মতবিনিময় করেছি।”অন্যদিকে বালুরঘাট ব্লক INTTUC–এর সভাপতি রাজীব দাস বলেন, “আজ আমরা পতিরাম পথসাথীতে আমাদের ব্লকের বর্ধিত সভার পাশাপাশি মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবস পালন করেছি। এই সভায় জেলা সভাপতি নাজিমুর রহমান উপস্থিত থেকে আমাদের আগামী দিনের কর্মসূচি ও দায়িত্ব সম্পর্কে স্পষ্ট দিকনির্দেশনা দিয়েছেন। তাঁর নির্দেশ মেনে বালুরঘাট ব্লকের শ্রমিক সংগঠন সম্পূর্ণ উদ্যমে দলের হয়ে প্রচার ও সংগঠনের কাজ করবে।”মুখ্যমন্ত্রীর জন্মদিন পালন ও সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি—এই দুইকে মিলিয়ে পতিরাম পথসাথীর সভা রাজনৈতিক দিক থেকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।