পতিরাম থানার উদ্যোগে উদ্ধার ১৮টি মোবাইল, মালিকদের হাতে তুলে দিল পুলিশ ।

নিজস্ব সংবাদদাতা বালুরঘাট: হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে স্বস্তি ও খুশিতে ভরল বহু মুখ। শুক্রবার পতিরাম থানার উদ্যোগে উদ্ধার হওয়া ১৮টি মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দিল পুলিশ। দীর্ঘদিন ধরে থানায় জমা পড়া মোবাইল হারানোর অভিযোগগুলির ভিত্তিতে তদন্ত চালিয়েই এই সাফল্য আসে।
পুলিশ সূত্রে জানা গেছে, বছরের বিভিন্ন সময় পতিরাম থানা এলাকায় একাধিক মোবাইল হারিয়ে যাওয়ার অভিযোগ দায়ের হয়। সেই সব অভিযোগকে গুরুত্ব দিয়ে প্রযুক্তিগত অনুসন্ধান ও নিয়মিত তদন্ত চালিয়ে একে একে মোবাইলগুলি উদ্ধার করা সম্ভব হয়েছে। শুক্রবার থানায় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে উদ্ধার হওয়া মোবাইলগুলি মালিকদের হাতে তুলে দেওয়া হয়। নিজেদের হারানো মোবাইল ফিরে পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন অনেকেই। অনেকেরই ধারণা ছিল, ফোন আর ফিরে পাওয়া যাবে না। পুলিশের এই উদ্যোগে আবারও প্রশাসনের প্রতি আস্থা ফিরেছে বলে জানান মোবাইলের মালিকরা। কারও কাছে মোবাইল শুধুই যোগাযোগের মাধ্যম নয়, তার সঙ্গে জড়িয়ে রয়েছে গুরুত্বপূর্ণ নথি, ছবি ও ব্যক্তিগত স্মৃতি। এই প্রসঙ্গে পতিরাম থানার অফিসার ইনচার্জ সৎকর সাঙ্গ বলেন, “প্রতিটি অভিযোগকে গুরুত্ব দিয়েই আমরা তদন্ত চালাই। প্রযুক্তির সহায়তায় মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে ফিরিয়ে দিতে পেরে আমরা খুশি।” পুলিশের এই উদ্যোগ এলাকায় ইতিবাচক বার্তা ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *