নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট :
পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বালুরঘাট শহরের ডাকবাংলো পাড়া এলাকায়। শনিবার সকালে এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডাকবাংলো পাড়া এলাকায় একটি মারুতি গাড়ি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর গাড়িটি পরপর দু’টি টোটো এবং রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ঠেলাগাড়ির পেছনে সজোরে ধাক্কা মারে।এই দুর্ঘটনায় দু’জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এক দরিদ্র ভ্যানঠেলা চালকের ভ্যানটি পুরোপুরি ভেঙে যায়, ফলে তার জীবিকা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। পাশাপাশি দুর্ঘটনায় দু’টি টোটোও ক্ষতিগ্রস্ত হয়েছে।ঘটনার খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত মারুতি গাড়িটিকে উদ্ধার করে বালুরঘাট থানায় নিয়ে যায়। একই সঙ্গে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ।ক্ষতিগ্রস্ত ভ্যানচালক জানান, “আমি রাস্তার ধারে ভ্যানটি রেখে ভেতরে জল আনতে গিয়েছিলাম। ফিরে এসে দেখি একটি গাড়ি ধাক্কা মেরে আমার ভ্যানটি উড়িয়ে দিয়েছে। ভ্যানটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে।” তিনি আরও জানান, এই ঘটনায় দু’টি টোটো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দু’জন আহত হয়েছেন।দুর্ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পুলিশের তৎপরতায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়। তবে ফের একবার শহরের ব্যস্ত এলাকায় বেপরোয়া গাড়ি চালানো নিয়ে প্রশ্ন উঠছে।