নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট :
নাটকের শহর হিসেবেই বহুদিন ধরে পরিচিত বালুরঘাট। সেই শহরের নাট্য মানচিত্রে শুক্রবার রাত থেকে যুক্ত হল নতুন একটি নাম—‘দৃশ্যকল্প’। বালুরঘাট নাট্যতীর্থ নাট্যমঞ্চে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পথচলা শুরু করল এই নতুন নাট্য সংস্থা।সূচনা পর্বের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সহ-সভাধিপতি তথা নাট্যব্যক্তিত্ব অম্বরিশ সরকার, বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র, দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাবের সম্পাদক অনুপ সান্যাল, নাট্যব্যক্তিত্ব প্রদোষ মিত্র-সহ শহরের বিশিষ্টজনেরা।নতুন সংস্থার আত্মপ্রকাশ উপলক্ষে ১২ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত তিন দিনের নাট্য উৎসবের আয়োজন করা হয়েছে। সেই উৎসবের সূচনা হয় সংস্থার নিজস্ব প্রযোজনা—চার্লস ডিকেন্সের উপন্যাস ডেভিড কপারফিল্ড অবলম্বনে নির্মিত নাটক ‘সেই সব দিন রাত্রি’ মঞ্চস্থ করার মাধ্যমে।নাটকটির নির্দেশনায় ছিলেন শুভাশিস চক্রবর্তী। আলো পরিকল্পনায় পাপাই রবিদাস। আলো, ধ্বনি ও আবহের সুচারু ব্যবহারে নাটকটি দর্শকদের এক ভিন্ন অভিজ্ঞতার সামনে এনে দাঁড় করায়। ইংরেজি উপন্যাস অবলম্বনে হলেও, নির্দেশকের কল্পনাশক্তিতে নাটকটি রূপ পেয়েছে ভারতীয়—বিশেষত বাঙালি ঘরানায়। সেই রূপান্তর এক কথায় অনবদ্য।মূল চরিত্র দিয়ানের ভূমিকায় প্রতাপ বিশ্বাস বেশ সাবলীল অভিনয় উপহার দিয়েছেন। কিছু ছোটখাটো বিচ্যুতি থাকলেও চরিত্রের আবেগ ও দ্বন্দ্ব তিনি যথাযথভাবে তুলে ধরতে সক্ষম। নেগেটিভ চরিত্রে দ্বীপায়ন লস্করের অভিনয়ও নজর কেড়েছে। শ্রেয়া সাহা, সুমন ভৌমিক, তন্তু দাস, সারদা দাস, সোমদত্তা চক্রবর্তীরা তাঁদের অভিনয়ে নাটকটিকে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছেন। অজিত মহন্ত-সহ অন্যান্য শিল্পীরাও নিজেদের ভূমিকা সুচারু ভাবে পালন করেছেন।বিশেষ ভাবে উল্লেখযোগ্য পাপাই রবিদাসের আলো প্রক্ষেপণ, যা গোটা নাটক জুড়ে এক আবিষ্ট আবহ তৈরি করে। সব মিলিয়ে ‘দৃশ্যকল্প’-এর প্রথম প্রযোজনা দর্শকের মনে গভীর ছাপ ফেলতে সক্ষম হয়েছে।তবে প্রশংসার মাঝেও কিছু খামতি চোখে পড়েছে। যেমন, ইন্দিরা গান্ধীর মৃত্যু বর্ষ ১৯৮৪-এর পরিবর্তে ১৯৯৪ উল্লেখ করা হয়েছে। পাশাপাশি কিছু সংলাপে আটকে যাওয়া এবং কয়েকটি জায়গায় অভিনয়শিল্পীদের সামান্য দ্বিধা দর্শকের নজরে এসেছে।এই ছোটখাটো ত্রুটি সত্ত্বেও, প্রথম প্রযোজনাতেই ‘দৃশ্যকল্প’ যে বালুরঘাটের নাট্যজগতে নিজের জায়গা করে নিতে প্রস্তুত—তা বলাই যায়। নতুন এই নাট্য সংস্থার আগামী পথচলার দিকে এখন তাকিয়ে নাট্যপ্রেমী শহর।