দোলের রঙে হিলি, খুদেদের আবিরে লাল বিধায়ক অশোক লাহিড়ী।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ৩ মার্চ — বসন্তের নরম রোদ, আবিরের উড়ান আর খুদেদের হাসির শব্দে মঙ্গলবার রঙিন হয়ে উঠল হিলি। দক্ষিণ দিনাজপুরের হিলি ব্লকের তিওর হিন্দু মিলন মন্দিরে দোল উৎসব ঘিরে তৈরি হয়েছিল এক অন্য আবহ। সেই রঙের আনন্দে সামিল হলেন বিশিষ্ট অর্থনীতিবিদ তথা বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ী।দুপুরের দিকে মন্দির প্রাঙ্গণে পৌঁছে আবাসিকদের সঙ্গে একেবারে ঘরের মানুষের মতো মিশে যান তিনি। ছোট ছোট আবাসিকদের কপালে আলতো করে আবিরের টিপ পরিয়ে দেন। তবে খুদে দলও ছেড়ে কথা বলেনি। মুহূর্তে তাঁদের রঙে লাল হয়ে ওঠে বিধায়কের কপাল-গাল।হাসতে হাসতেই বলেন, “পবিত্র দোল উৎসবে ওদের সঙ্গে কিছুটা সময় কাটানোর ইচ্ছে ছিল। তাই আজ এখানে আসা। ওরা একটু দুষ্টু বটে—আমি সামান্য আবির পরালাম, আর ওরা আমার প্রায় গোটা কপালটাই ভরিয়ে দিল!” কথার সুরে ছিল রসিকতা, মুখে ছিল তৃপ্তির হাসি।তবে রঙের খেলার আড়ালে ধরা পড়ল আবেগের ছোঁয়াও। বিধায়কের কথায়, এমন উৎসবে শিশুদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার চেয়ে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না। এখানে এসে নিজেকে ধন্য মনে করছেন বলেও জানান তিনি।আবিরের রঙ, বসন্তের হাওয়া আর খুদেদের উচ্ছ্বাসে এদিন যেন অন্য মাত্রা পেল হিলির তিওর হিন্দু মিলন মন্দির। রঙের ছোঁয়ায় মিলল হৃদয়েরও বন্ধন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *