নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ২৪ ফেব্রুয়ারি:দুয়ারে রেশন প্রকল্পে রেশন সামগ্রী বাড়ির কাছে পৌঁছে দেওয়ার কথা থাকলেও, বাস্তবে চাল-গম না পাওয়ার অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের ২৫ নম্বর ওয়ার্ডের কদমতলা এলাকা। মঙ্গলবার রেশন ডিলার দুয়ারে রেশন দিতে এলে ক্ষুব্ধ গ্রাহকেরা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান।অভিযোগ, নির্ধারিত চাল ও গম না দিয়ে ডিলার আটা, ছোলা ইত্যাদি সামগ্রী দিয়ে দায় সেরেছেন। গ্রাহকদের দাবি, “এগুলো দিয়ে আমাদের পেট চলবে না, আমরা আমাদের প্রাপ্য চাল-গম চাই।” পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও পরে তা নিয়ন্ত্রণে আসে।ক্ষুব্ধ গ্রাহক অজিত কুমার দাসের অভিযোগ, রেশন দোকানের পক্ষ থেকে ‘মাল স্টক নেই’ বলা হলেও কিছু গ্রাহককে দেওয়া হচ্ছে, আবার অনেককে এক বা দুই মাসের স্লিপ ধরিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে। তাঁর দাবি, “আমরা শান্তিপূর্ণভাবেই বিক্ষোভ দেখিয়েছি। আমাদের একটাই কথা—প্রাপ্য মাল পেলেই সমস্যা মিটবে।”আর এক গ্রাহক পলাশ সরকার জানান, তাঁর বাড়িতে দু’টি রেশন কার্ড রয়েছে। প্রত্যেক কার্ডে ১০ কিলো করে চাল পাওয়ার কথা থাকলেও গত মাসের চাল এখনও মেলেনি। এ মাসেও চাল-গম বা আটা কিছুই পাননি বলে অভিযোগ তাঁর। “ছোলা-ময়দা দিয়ে সংসার চলে না, আমরা আমাদের ন্যায্য জিনিস চাই,” বলেন তিনি।তবে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন রেশন ডিলার রাকেশ বিশ্বাস। তাঁর দাবি, মাল এলেই তিনি তা বিলি করেন। কিছু গ্রাহক অন্যত্র চলে যান বলেও অভিযোগ করেন তিনি। পাশাপাশি জানান, শুক্রবার তিনি আবার রেশন সামগ্রী নিয়ে আসবেন।ঘটনার কথা স্বীকার করে জেলা খাদ্য দপ্তরের আধিকারিক জিগমি লেপচা জানান, বিষয়টি তাঁর নজরে এসেছে। ইতিমধ্যেই দপ্তরীয় পর্যায়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তের রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।