দুয়ারে ডাক্তার পরিষেবায় স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত বালুরঘাট ব্লকে — প্রত্যন্ত শরণ গ্রাম এলাকা থেকে সূচনা, উপকৃত হাজারেরও বেশি মানুষ

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট :
রাজ্যের প্রত্যন্ত প্রান্তের মানুষের কাছে উন্নত ও সময়োপযোগী চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে শুরু হওয়া ‘দুয়ারে ডাক্তার’ কর্মসূচি এবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকে। মঙ্গলবার বালুরঘাট ব্লকের প্রত্যন্ত শরণ গ্রাম এলাকা থেকে এই ব্লকভিত্তিক কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। প্রথম দিনেই বিপুল সাড়া পড়ে সাধারণ মানুষের মধ্যে। হাজারেরও বেশি মানুষ এদিন এই স্বাস্থ্য পরিষেবার সুবিধা গ্রহণ করেন।এদিনের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার, বালুরঘাটের বিডিও সোহম চৌধুরী, ডেপুটি সিএমওএইচ (CMOH), বালুরঘাট পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ পিন্টু রায়-সহ একাধিক প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধি। তাঁদের উপস্থিতিতে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয় এবং চিকিৎসা পরিষেবা প্রদান শুরু হয়।এই শিবিরে সাধারণ স্বাস্থ্য পরীক্ষা ছাড়াও বিভিন্ন রোগের প্রাথমিক নির্ণয়, রক্তচাপ, রক্তে শর্করার মাত্রা পরীক্ষা-সহ একাধিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। প্রয়োজনে রোগীদের উপযুক্ত পরামর্শ ও ওষুধও প্রদান করা হয়। দূরবর্তী গ্রামাঞ্চলের মানুষজন, বিশেষ করে প্রবীণ ও আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলির কাছে এই পরিষেবা বড় স্বস্তি নিয়ে এসেছে বলে মত স্থানীয়দের।চিকিৎসা পরিষেবা পেয়ে খুশি সাধারণ মানুষ। তাঁদের অনেকেরই অভিযোগ ছিল, দূরের হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছনো সবসময় সম্ভব হয় না। ‘দুয়ারে ডাক্তার’ কর্মসূচির মাধ্যমে সেই সমস্যার অনেকটাই সমাধান হচ্ছে বলে মনে করছেন তাঁরা।এই প্রসঙ্গে বালুরঘাট পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ পিন্টু রায় জানান, “রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় গোটা রাজ্য জুড়ে ‘দুয়ারে ডাক্তার’ কর্মসূচি শুরু হয়েছে। সেই কর্মসূচির অংশ হিসেবেই আজ বালুরঘাট ব্লকের শরণ গ্রাম এলাকা থেকে এই পরিষেবা চালু হল। প্রথম দিনেই হাজারেরও বেশি মানুষ চিকিৎসা পরিষেবা গ্রহণ করেছেন। আগামী দিনেও ব্লকের বিভিন্ন এলাকায় এই কর্মসূচি ধারাবাহিকভাবে চালানো হবে।”প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে আরও বেশি মানুষের কাছে এই পরিষেবা পৌঁছে দিতে পরিকল্পিতভাবে শিবিরের সংখ্যা বাড়ানো হবে। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে গ্রামবাংলার স্বাস্থ্য পরিকাঠামো যে আরও মজবুত হচ্ছে, তা একপ্রকার স্পষ্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *