নিজস্ব সংবাদদাতা, ১৩ মার্চ, বালুরঘাট:দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের পতিরাম গ্রাম পঞ্চায়েত এলাকায় নির্মিত হল একটি আধুনিক মহাশ্মশান। শুক্রবার পতিরাম গ্রাম পঞ্চায়েতের উত্তর রায়পুর সংসদ এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে নবনির্মিত ওই মহাশ্মশানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।নতুন এই মহাশ্মশানটি চালু হওয়ায় বালুরঘাট ব্লকের তিনটি গ্রাম পঞ্চায়েতের পাশাপাশি কুমারগঞ্জ ব্লকের মোহনা ও বটুন গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকার মানুষ উপকৃত হবেন। এতদিন এই অঞ্চলে বড় শ্মশানের অভাব থাকায় শেষকৃত্যের জন্য দূরে যেতে হত স্থানীয় বাসিন্দাদের, ফলে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হত তাঁদের।পতিরাম গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে প্রায় ৩৫ লক্ষ টাকা ব্যয়ে এই মহাশ্মশানটি নির্মাণ করা হয়েছে। যদিও নির্মাণকাজ কয়েকদিন আগেই সম্পন্ন হয়েছিল, শুক্রবার আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাটের বিডিও সোহম চৌধুরী, বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার, পতিরাম গ্রাম পঞ্চায়েতের প্রধান পার্থ ঘোষ সহ অন্যান্য জনপ্রতিনিধি ও এলাকার বাসিন্দারা।এই প্রসঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার জানান, পতিরাম এলাকাকে কেন্দ্র করে বালুরঘাট ব্লকের তিনটি গ্রাম পঞ্চায়েত এবং কুমারগঞ্জ ব্লকের মোহনা ও বটুন গ্রাম পঞ্চায়েতের বহু মানুষ নির্ভরশীল। কিন্তু এতদিন সেখানে কোনও মহাশ্মশান না থাকায় সমস্যায় পড়তে হত এলাকাবাসীকে। দীর্ঘদিনের সেই দাবির ভিত্তিতেই প্রায় ৩৫ লক্ষ টাকা ব্যয়ে এই মহাশ্মশান নির্মাণ করা হয়েছে।তিনি আরও বলেন, রাজ্য সরকারের আর্থিক সহায়তায় এই প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়েছে। এজন্য তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান।