নিজস্ব সংবাদ দাতা , বালুরঘাট:
২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে দক্ষিণ দিনাজপুরে শুরু হচ্ছে ইভিএম ও ভিভিপ্যাটের প্রথম দফা পরীক্ষা বা ফার্স্ট লেভেল চেকিং (FLC)। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী প্রতি নির্বাচনের আগে প্রস্তুতকারক সংস্থার অনুমোদিত ইঞ্জিনিয়ারদের দ্বারাই এই পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়। জেলা নির্বাচন আধিকারিকের তত্ত্বাবধানে পরিচালিত এই পরীক্ষায় শুধুমাত্র FLC-উত্তীর্ণ ইভিএম ও ভিভিপ্যাটই নির্বাচনে ব্যবহারযোগ্য বলে বিবেচিত হয়। ইভিএম ম্যানুয়ালে উল্লেখিত এই পুরো প্রক্রিয়ার বিস্তারিত ইসি-র ওয়েবসাইটে পাওয়া যায়।আগামী ১২ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বালুরঘাট কালেক্টরেট ভবনের জেলা গুদামে BEL ও ECIL–এর অনুমোদিত ইঞ্জিনিয়াররা ইভিএম ও ভিভিপ্যাটের পরীক্ষা করবেন। কমিশনের নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করেছে জেলা প্রশাসন। পুরো FLC প্রক্রিয়া জেলা নির্বাচন আধিকারিক, মুখ্য নির্বাচনী আধিকারিক এবং ভারত নির্বাচন কমিশন—এই তিন স্তরে কঠোরভাবে তদারকি হবে।এছাড়া, ১ ডিসেম্বর তারিখে জেলা সদরস্থ জাতীয় ও রাজ্য স্তরের সমস্ত স্বীকৃত রাজনৈতিক দলকে লিখিতভাবে জানানো হয়েছে যাতে তারা ওই সময়সূচি অনুযায়ী তাদের প্রতিনিধিদের FLC প্রক্রিয়া প্রত্যক্ষ করার অনুমোদন দেন। অনুরোধপত্রটি সংশ্লিষ্ট দলের রাজ্য কার্যালয় ছাড়াও বালুরঘাট, দক্ষিণ দিনাজপুরের অফিসে পাঠানো হয়েছে বলে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।