থানামোড়ের কমিউনিটি টয়লেট ‘তালাচাবি’ কাণ্ডে নড়েচড়ে বসলো পৌরসভা, তালা খুলে সতর্ক করলেন চেয়ারম্যান

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট :
থানা মোড়ের ঠিক পাশে। বালুরঘাট পৌরসভার নির্মিত একমাত্র কমিউনিটি টয়লেট। অথচ দিনের বেশির ভাগ সময়ই তার দরজায় তালা। অভিযোগ—এলাকার এক কম্পিউটার সেন্টারের কর্মী ও বিদ্যুৎ দফতরের একটি কিয়ক্সের কর্মীরা টয়লেটটি নিজেদের ব্যবহারেই আটকে রাখতেন। বুধবার সেই খবর প্রকাশিত হওয়ার পরই নড়েচড়ে বসে পৌরসভা। বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে সেখানে হাজির হন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র। এলাকাবাসীর সামনেই খুলে দেন তালাবন্ধ কমিউনিটি টয়লেটটির দরজা। একই সঙ্গে টয়লেটটি ব্যক্তিগত প্রয়োজনে তালা দিয়ে রাখার অভিযোগে সংশ্লিষ্ট কর্মীদের সতর্কও করেন তিনি। চেয়ারম্যান জানান, “আপনাদের মাধ্যমে গতকাল খবরটি নজরে আসে। সঙ্গে সঙ্গেই দায়িত্বপ্রাপ্ত দফতরকে খোঁজ নিতে বলেছিলাম। আজ নিজে এসে পরিস্থিতি দেখে গেলাম।” তাঁর আশ্বাস, কমিউনিটি টয়লেট যেহেতু সরকারি পরিকাঠামো, তাই এটি ব্যবহার করবেন এলাকায় থাকা বিভিন্ন দফতরের কর্মীরা যেমন, তেমনই সেই দফতরগুলিতে কাজের জন্য আসা সাধারণ মানুষও স্থানীয়দের বক্তব্য, “পৌরসভার এই উদ্যোগ না হলে টয়লেটটি চিরকালই তালাবন্ধ থাকত। সাধারণ মানুষের অসুবিধা হত।” পৌরসভার নির্দেশ অনুযায়ী এখন থেকে টয়লেটটি সব সময় খোলা থাকবে কি না—সেই দিকে নজর রাখবে এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *