নিজস্ব সংবাদদাতা , বালুরঘাট: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠন মজবুত করতে তৎপর তৃণমূল কংগ্রেসের আদিবাসী শাখা। শুক্রবার বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলার তপন বিধানসভা এলাকার অন্তর্গত বালুরঘাট ব্লকে আদিবাসী তৃণমূল কংগ্রেস কমিটির একটি বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।পতিরাম পথসাথীতে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের এসটি সেলের সভাপতি বৈদ্যনাথ মার্ডি, আদিবাসী নেতা অশোক কৃষ্ণ কুজুর, বালুরঘাট ব্লক তৃণমূল কংগ্রেসের এসটি সভাপতি নিমাই টুডু সহ অন্যান্য নেতৃত্ব।জেলা এসটি সেলের সভাপতি বৈদ্যনাথ মার্ডি জানান, তপন বিধানসভার অন্তর্গত বালুরঘাট ব্লকের আটটি অঞ্চলের নেতৃত্বকে নিয়ে এই বৈঠক করা হয়েছে। মূলত সংগঠনকে আরও শক্তিশালী করা এবং নির্বাচনের প্রস্তুতি নিয়েই আলোচনা হয়।অন্যদিকে, অশোক কৃষ্ণ কুজুর বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে তপন কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী চিন্তামণি বিহাকে জয়ী করার লক্ষ্যেই এই বৈঠক। তিনি জানান, এখন থেকেই দলীয় কর্মীরা সংগঠিতভাবে মাঠে নেমে পড়বেন।নির্বাচন যত এগিয়ে আসছে, ততই জোরদার হচ্ছে তৃণমূলের সংগঠনগত তৎপরতা—তপনেও তার ব্যতিক্রম নয়।