গঙ্গারামপুর, ২৪ ডিসেম্বর: দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অন্তর্গত নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের নাগন এলাকায় ট্র্যাক্টরের ধাক্কায় এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হল। মৃত ব্যক্তির নাম সৌরভ রায় (৩৯)। তিনি গঙ্গারামপুর শহরের পিডাব্লিউডি পাড়া এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সৌরভ রায় নাগন এলাকায় কাজের উদ্দেশ্যে গিয়েছিলেন। কাজ শেষে তিনি নাগন থেকে রতনপুর বাসস্ট্যান্ডের দিকে পায়ে হেঁটে ফিরছিলেন। সেই সময় পিছন দিক থেকে আসা একটি ট্র্যাক্টর তাঁকে সজোরে ধাক্কা মারে। ধাক্কায় গুরুতর জখম হয়ে রক্তাক্ত অবস্থায় তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। ঘটনাটি চোখে পড়তেই স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বুধবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের আবহ নেমে আসে। দুর্ঘটনার কারণ ও ট্র্যাক্টরটির ভূমিকা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ।