নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট :
রবিবার বালুরঘাট শহরের জটালি মোড় এলাকায় এক মানবিক উদ্যোগের সাক্ষী থাকল শহরবাসী। বালুরঘাটের পরিচিত স্বেচ্ছাসেবী সংগঠন সবজি ATM-এর উদ্যোগে সেখানে আয়োজিত হয় একটি রক্তদান শিবির। অনুষ্ঠানে রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র, বিশিষ্ট চিকিৎসক সৌমেন চৌধুরী-সহ অন্যান্য বিশিষ্টজনেরা।এই রক্তদান শিবিরে মোট ৩১ জন স্বেচ্ছায় রক্তদান করেন। তাঁদের মধ্যে একজন মহিলা রক্তদাতা রয়েছেন। পাশাপাশি, নয়জন নতুন রক্তদাতার অংশগ্রহণ শিবিরটিকে আলাদা গুরুত্ব দেয়। উদ্যোক্তাদের তরফে সঞ্জয় চক্রবর্তী জানান, “আজকের শিবিরে ৩১ জন রক্তদান করেছেন। তাঁদের মধ্যে একজন মহিলা এবং নয়জন নতুন রক্তদাতা রয়েছেন। সকলের সহযোগিতায় শিবিরটি সফল হয়েছে।”মানবিকতার এই উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারাও। তাঁদের মতে, নিয়মিত এমন রক্তদান শিবির আয়োজিত হলে সমাজের বহু মানুষের উপকার হবে।