নিজস্ব সংবাদদাতা, ৮ মার্চ, বালুরঘাট :- রাজ্যের বিভিন্ন প্রান্তে যখন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা নিয়ে নানা মহল সক্রিয়, ঠিক সেই সময় সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে বালুরঘাটে দেখা গেল এক অভিনব উদ্যোগ। গীতা দান ও ইফতার পার্টির মাধ্যমে হিন্দু-মুসলিম ঐক্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল শহরের একটি বেসরকারি কোচিং সেন্টার।

শনিবার সন্ধ্যায় বালুরঘাটের নাট্যতীর্থ মন্মথ মঞ্চে ওই কোচিং সেন্টারের উদ্যোগে একটি সেমিনারের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত অভিভাবক ও বিশিষ্টজনদের হাতে গীতা তুলে দিয়ে সংবর্ধনা জানানো হয়। একই সঙ্গে পবিত্র রমজান মাসকে সামনে রেখে রোজা পালনকারী মুসলিম অতিথিদের জন্য সুবর্ণতট সভাগৃহে বিশেষ ইফতার পার্টিরও আয়োজন করা হয়।

উদ্যোক্তাদের এই উদ্যোগে একদিকে যেমন গীতা দানের মাধ্যমে হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে, তেমনই ইফতার আয়োজনের মধ্য দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত তুলে ধরা হয়েছে।এই প্রসঙ্গে উদ্যোক্তাদের অন্যতম বিশ্বজিৎ মহন্ত বলেন, আমাদের এই উদ্যোগের মূল উদ্দেশ্য সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা। বাংলার সংস্কৃতি আমাদের শেখায়—হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই একসঙ্গে মিলেমিশে থাকি। আল্লাহ, ভগবান, গড—সবই একই সৃষ্টিকর্তার ভিন্ন নাম। আজকের সেমিনারে আমরা অভিভাবকদের গীতা দান করেছি। পাশাপাশি পবিত্র রমজান মাসে যাঁরা রোজা পালন করছেন, তাঁদের জন্য ইফতার পার্টির আয়োজন করেছি। শুধু মুখে সম্প্রীতির কথা নয়, আজ আমরা অন্তর থেকে তা পালন করার চেষ্টা করেছি। এই অভিনব উদ্যোগকে ঘিরে উপস্থিতদের মধ্যেও ইতিবাচক সাড়া পড়ে। অনেকেই মনে করেন, বর্তমান সময়ে এই ধরনের উদ্যোগ সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা আরও জোরালোভাবে পৌঁছে দিতে পারে।