গঙ্গারামপুরে শুরু ৩০তম দক্ষিণ দিনাজপুর জেলা বই মেলা, বইয়ের পাতায় ফিরতে মোবাইল ছাড়ার আহ্বান।

নিজস্ব সংবাদদাতা বালুরঘাট, ৮ জুলাই:- বইয়ের সঙ্গে মানুষের সম্পর্ক আরও দৃঢ় করতে গঙ্গারামপুর শহরের ফুটবল ময়দানে শুরু হলো ৩০তম দক্ষিণ দিনাজপুর জেলা বই মেলা। বৃহস্পতিবার বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে মেলার সূচনা হয়। রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র, গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্রসহ একাধিক প্রশাসনিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব পায়রা ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন।উদ্বোধনের আগে গঙ্গারামপুরের নিউ মার্কেট এলাকা থেকে ট্যাবলো-সহ একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়, যা শহর পরিক্রমা করে ফুটবল মাঠে এসে শেষ হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি অম্বুরেশ সরকার, অধ্যাপক ওমপ্রকাশ মিত্র, অতিরিক্ত জেলা শাসক ও জেলা গ্রন্থাগারিক দেবব্রত কুমার দাস, সাহিত্যিক প্রলয় মিত্রসহ বহু বিশিষ্টজন।জেলা গ্রন্থাগার দপ্তর সূত্রে জানা গেছে, ৮ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত চলবে এই বই মেলা। মেলায় মোট ৮৭টি স্টল রয়েছে, যেখানে জেলার পাশাপাশি কলকাতার নামী প্রকাশক ও বই বিক্রেতারা অংশ নিয়েছেন। স্কুল ও কলেজের পাঠ্যপুস্তক সঠিক দামে পাওয়া যাবে বলে জানান উদ্যোক্তারা। প্রতিদিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। প্রথম দিন থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক বইপ্রেমীর ভিড় বই মেলাকে ঘিরে উৎসবের আবহ তৈরি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *