খেলার ছলেই ফাঁস মাদক পাচারের ছক, খড়ের গাদা থেকে উদ্ধার ৭০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ।

নিজস্ব সংবাদদাতা বালুরঘাট, ৮ জানুয়ারি:- শিশুদের খেলতে খেলতেই প্রকাশ্যে এল মাদক পাচারের গোপন ছক। বৃহস্পতিবার সন্ধ্যায় বালুরঘাটের কামারপাড়া এলাকায় খড়ের গাদার আড়াল থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি ফাঁকা জমিতে খড়ের গাদার মধ্যে খেলছিল কয়েকজন শিশু। সেখানেই খড়ের ভিতর থেকে সন্দেহজনক প্যাকেট নজরে আসে। বিষয়টি জানানো হয় স্থানীয়দের, এরপর খবর দেওয়া হয় বালুরঘাট থানায়। খবর পেয়ে আইসি সুমন্ত বিশ্বাসের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়। খড় সরাতেই একের পর এক প্যাকেট বেরিয়ে আসে। গণনায় ধরা পড়ে প্রায় ৭০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ, যার বাজারমূল্য কয়েক লক্ষ টাকা।পুলিশের প্রাথমিক অনুমান, সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই এই মজুত।

যদিও ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। ডিএসপি সদর বিক্রম প্রসাদ জানান, উদ্ধার হওয়া কাফ সিরাপ বাজেয়াপ্ত করে তদন্ত শুরু হয়েছে এবং পাচারচক্রের খোঁজে তল্লাশি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *