নিজস্ব সংবাদদাতা, কুমারগঞ্জ : প্রচারের মঞ্চ থেকে নেমে সরাসরি মাঠে। আর সেখানে খুদেদের সঙ্গে পা মিলিয়ে ফুটবল খেলায় মেতে উঠলেন বিজেপির ওবিসি সভাপতি তথা কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থী শুভেন্দু সরকার। শনিবার কুমারগঞ্জ ব্লকের বিভিন্ন এলাকায় প্রচার সেরে একটি স্থানীয় মাঠে পৌঁছে যান তিনি। সেখানেই শিশু-কিশোরদের সঙ্গে খেলায় যোগ দিয়ে আলাদা মাত্রা আনেন নির্বাচনী প্রচারে।প্রার্থী ঘোষণার পর থেকেই সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ গড়ে তোলার চেষ্টা করছেন শুভেন্দু। কখনও কারও সমস্যার কথা শুনছেন, কখনও আবার তাঁদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিচ্ছেন। এদিনের এই ফুটবল খেলা যেন সেই সংযোগকেই আরও দৃঢ় করল।স্থানীয়দের একাংশের কথায়, “প্রার্থীকে এভাবে আমাদের মধ্যে মিশে যেতে আগে দেখিনি।” রাজনৈতিক প্রচারের মাঝেই এই অনানুষ্ঠানিক মুহূর্ত এখন কুমারগঞ্জে আলোচনার কেন্দ্রে।