কালা সার্কুলার পুড়িয়ে বিক্ষোভ আশা কর্মীদের, উত্তাল বালুরঘাট থানা মোড়

নিজস্ব সংবাদদাতা,বালুরঘাট : আশা কর্মীদের স্বার্থবিরোধী ‘কালা সার্কুলার’ বাতিলের দাবিতে শুক্রবার দুপুরে বালুরঘাট থানা মোড়ে বিক্ষোভে সামিল হলেন শতাধিক আশা কর্মী। হাতে প্ল্যাকার্ড, মুখে স্লোগান—নূন্যতম বেতন ও স্থায়ী চাকরির দাবিতে রীতিমতো উত্তাল হয়ে ওঠে এলাকা।

বিক্ষোভ চলাকালীন প্রতীকীভাবে ওই সার্কুলারের প্রতিলিপি পুড়িয়ে প্রতিবাদ জানান তাঁরা।বিক্ষোভকারীদের দাবি, নূন্যতম ১৫ হাজার টাকা মাসিক বেতন এবং স্থায়ীকরণের দাবি নিয়ে গত ২৩ ডিসেম্বর থেকে কর্মবিরতি চলছে।

কিন্তু এখনও পর্যন্ত প্রশাসনের তরফে কোনও সদর্থক উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ চরমে পৌঁছেছে। আশা কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরিষেবার কাজ করলেও তাঁদের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত করা হচ্ছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে থানা মোড় চত্বরে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। যদিও শান্তিপূর্ণভাবেই কর্মসূচি সম্পন্ন হয়। দাবি পূরণ না হলে আগামী দিনে আন্দোলন আরও তীব্র হবে বলেও হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *