বিশ্বদীপ নন্দী, বালুরঘাট :
নাটকের শহর বললে আজও বালুরঘাটের নাম উঠে আসে আলাদা করে। এই শহরের মানুষ শুধু নাটক দেখেন না, নাটককে যাপন করেন। কিন্তু টেলিভিশন, সিনেমা আর ওটিটির দাপটে মঞ্চনাটক কি ধীরে ধীরে কোণঠাসা হয়ে পড়ছে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই রবিবার বালুরঘাটে বসেছিল এক দীর্ঘ নাট্য আড্ডা।সম্প্রতি ‘দৃশ্যকল্প’ নামে গড়ে ওঠা নতুন নাট্য সংস্থার উদ্যোগে ১২ থেকে ১৪ ডিসেম্বর তিন দিনের নাট্য উৎসবের আয়োজন করা হয়। সেই উৎসবের শেষ দিনেই উদ্যোক্তাদের পক্ষ থেকে এই বিশেষ আড্ডার আয়োজন। বিষয়— “ওটিটি বনাম থিয়েটার: এই সময়ের নাটক কেমন হবে”। বালুরঘাট শহরের বিভিন্ন প্রজন্মের নাট্যকর্মী ও নাট্যশিল্পীদের উপস্থিতিতে প্রায় তিন ঘণ্টা ধরে চলে আলোচনা।চায়ের পেয়ালা হাতে, গরম চায়ে চুমুক দিতে দিতে কখনও তর্ক, কখনও মতবিনিময়—এই আড্ডায় উঠে আসে বর্তমান সময়ে নাটক বাঁচিয়ে রাখার নানা দিক। ওটিটির সুবিধা ও সীমাবদ্ধতা, মঞ্চনাটকের শক্তি, দর্শক টানার নতুন ভাবনা—সবই আলোচনার কেন্দ্রে ছিল। কোথাও মতের মিল, কোথাও মতের অমিল, তবু পুরো আড্ডা জুড়েই ছিল বন্ধুত্বপূর্ণ পরিবেশ।দৃশ্যকল্পের সম্পাদক শুভাশিস চক্রবর্তী বলেন, নাট্য উৎসবের অঙ্গ হিসেবেই এই আড্ডার আয়োজন করা হয়েছিল। আলোচনায় শুধু নির্দিষ্ট বিষয় নয়, নাটকের ভবিষ্যৎ, দায়িত্ব ও সম্ভাবনার নানা দিক উঠে আসে।ওটিটির যুগে দাঁড়িয়েও মঞ্চনাটক যে তার নিজস্ব ভাষা ও আবেদন নিয়ে বেঁচে থাকতে চায়, রবিবারের এই নাট্য আড্ডা যেন সেই কথাই নতুন করে মনে করিয়ে দিল বালুরঘাটকে।