নিজস্ব সংবাদদাতা,বালুরঘাট :এসআইআর–এর মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করার অভিযোগে সোমবার সন্ধ্যায় বালুরঘাট শহরে প্রতিবাদী মশাল মিছিল করল বালুরঘাট ব্লক কিষান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেস। মিছিলে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা কিষান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের সভাপতি শাহেনশা মোল্লা, বালুরঘাট ব্লক কিষান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিপ্লব দেবনাথ বালুরঘাট টাউন কংগ্রেসের সভাপতি সুভাষ চাকি, বালুরঘাট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মলয় মণ্ডল, সহ-সভাপতি অশোক কৃষ্ণ কুজুর, বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার সহ অন্যান্য নেতৃত্ব।
এদিন সন্ধ্যায় বালুরঘাট হিলি মোড় থেকে শুরু হয়ে গোটা শহর প্রদক্ষিণ করে মিছিলটি বালুরঘাট থানা মোড়ে এসে শেষ হয়। মিছিল শেষে শাহেনশা মোল্লা বিজেপিকে কটাক্ষ করে বলেন, নির্বাচন কমিশনকে সামনে রেখে এসআইআর–এর নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। তারই প্রতিবাদে এই মিছিল।
তিনি আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন মা–মাটি–মানুষের সরকার সব সময় সাধারণ মানুষের পাশে রয়েছে। কোনও যোগ্য ব্যক্তির নাম তালিকা থেকে বাদ পড়তে দেওয়া হবে না।