নিজস্ব সংবাদদাতা বালুরঘাট : এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ও পরামর্শকে গুরুত্ব দিয়ে বালুরঘাট শহরের ৭ নম্বর ওয়ার্ডে একটি আধুনিক পানীয় জলের মেশিন বসাল বালুরঘাট পৌরসভা। শুক্রবার দুপুরে মাস্টার পাড়া এলাকায় আনুষ্ঠানিকভাবে সেই পানীয় জলের মেশিনের উদ্বোধন করলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিখা মহন্ত সাহা চৌধুরী-সহ স্থানীয় বাসিন্দারা।পুরসভা সূত্রে জানা গেছে, প্রায় তিন লক্ষ টাকা ব্যয়ে এই পানীয় জলের মেশিনটি স্থাপন করা হয়েছে। গরমের মরশুমে যাতে এলাকাবাসী সারাক্ষণ বিশুদ্ধ ও ঠান্ডা পানীয় জল পেতে পারেন, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে যেসব সময়ে পৌরসভার জল সরবরাহ বন্ধ থাকে বা কম চাপ থাকে, সেই সময়ে এই মেশিনটি সাধারণ মানুষের বড় ভরসা হয়ে উঠবে বলেই মনে করছেন পুর কর্তৃপক্ষ।উদ্বোধনী মঞ্চ থেকে পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র বলেন, “বালুরঘাট শহর জুড়ে বর্তমানে প্রায় ৯৫ শতাংশ বাড়িতে পৌরসভার জল পৌঁছে গেছে। তবে নির্দিষ্ট সময়ে জল আসে। তাই সারাক্ষণ পানীয় জলের সুবিধা দেওয়ার জন্য আমরা শহরের বিভিন্ন ওয়ার্ডে ঠান্ডা পানীয় জলের মেশিন বসানোর পরিকল্পনা নিয়েছি। এক একটি এলাকায় দুটি করে এমন মেশিন বসানো হচ্ছে। আজ ৭ নম্বর ওয়ার্ডে সেই মেশিনের উদ্বোধন করা হল।”তিনি আরও জানান, এই পানীয় জলের মেশিনটি সম্পূর্ণভাবে এলাকাবাসীর জন্য অর্পণ করা হল। স্থানীয় বাসিন্দাদের কাছে আবেদন জানিয়ে চেয়ারম্যান বলেন, “এই মেশিনটি আপনারাই ব্যবহার করবেন, তাই সবাই মিলে এটিকে সযত্নে রাখবেন। ভবিষ্যতে যদি কোনও রকম রিপেয়ারিং বা রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয়, তাহলে পৌরসভা সেই দায়িত্ব নেবে।”ওয়ার্ডের কাউন্সিলর শিখা মহন্ত সাহা চৌধুরী জানান, মাস্টার পাড়া এলাকায় বহু মানুষ নিয়মিত যাতায়াত করেন। গরমের দিনে পানীয় জলের সমস্যা প্রায়ই দেখা যায়। এই মেশিন বসানোয় সাধারণ মানুষ বিশেষ উপকৃত হবেন।পৌরসভার এই উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারা। তাঁদের মতে, বিশুদ্ধ ও ঠান্ডা পানীয় জলের এই ব্যবস্থা শহরের নাগরিক পরিষেবাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল।