এআই অডিও বিতর্কে তোলপাড় দক্ষিণ দিনাজপুর, তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের জেলা সভাপতির বিরুদ্ধে অশালীন মন্তব্যের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট :দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ও গঙ্গারামপুর মহকুমায় প্রাথমিক স্কুলগুলির মহকুমা ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হওয়ার আগেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য। তৃণমূল কংগ্রেসের প্রাথমিক শিক্ষক সংগঠনের জেলা সভাপতি রাজনারায়ণ গোস্বামীর একটি অডিও ভাইরাল হওয়াকে কেন্দ্র করে এই বিতর্ক।ভাইরাল হওয়া অডিওতে রাজনারায়ণ গোস্বামীকে এক শিক্ষারত্নপ্রাপ্ত শিক্ষকের সঙ্গে কথোপকথনের সময় একাধিক অশালীন মন্তব্য করতে শোনা যাচ্ছে বলে অভিযোগ। পাশাপাশি ছাত্রছাত্রীদের অভিভাবকদের নিয়েও আপত্তিকর মন্তব্য রয়েছে বলেই দাবি উঠেছে। অডিওটি সামনে আসতেই গোটা দক্ষিণ দিনাজপুর জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।যদিও অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন রাজনারায়ণ গোস্বামী। তিনি বলেন,“আমার নামে যে অডিওটি ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি। আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে এই চক্রান্ত করা হয়েছে। আমি এই ঘটনার বিরুদ্ধে সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছি।”

এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলা ABPTA-র সম্পাদক শংকর ঘোষ। তিনি বলেন,“অডিওটি আমি শুনেছি। শুনে মনে হয়েছে, কণ্ঠস্বরটি তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের জেলা সভাপতিরই। হয়তো তিনি আর এক শিক্ষকের সঙ্গে ইয়ার্কির ছলে কথা বলছিলেন, কিন্তু আমরা শিক্ষক—সমাজকে পথ দেখাই। তাই আমাদের ভাষা ও আচরণে অবশ্যই শালীনতা থাকা জরুরি। নচেৎ সমাজের কাছে ভুল বার্তা যাবে। বিশেষ করে মহিলাদের নিয়ে কোনও অশালীন মন্তব্য কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই একজন মহিলা—এই বিষয়টি তাঁদের আরও বেশি দায়িত্বশীল হওয়ার কথা মনে করিয়ে দেয়। আমি এই ঘটনার তীব্র নিন্দা করছি।”

ঘটনাটি ঘিরে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। জেলা বিজেপি নেত্রী পূর্ণিমা মহন্ত বলেন,“এই বিষয়ে নতুন করে কিছু বলার নেই। যেখানে গোটা রাজ্যেই মহিলাদের নিরাপত্তা নেই, সেখানে তৃণমূলের নেতারা মহিলাদের সম্মান করবেন—এটা ভাবাই যায় না। যিনি এই ধরনের ভাষা ব্যবহার করেছেন, তিনি একজন শিক্ষক এবং গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। তাঁদের মুখে যদি এমন ভাষা শোনা যায়, তাহলে তাঁরা কী ধরনের শিক্ষকতা করছেন, সেই প্রশ্ন উঠছে।”এদিকে, সমস্ত অভিযোগ পুনরায় অস্বীকার করে রাজনারায়ণ গোস্বামী জানান,“বুধবারই আমি দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছি। সেই কারণেই ঈর্ষান্বিত হয়ে একটি চক্র এই ষড়যন্ত্র করেছে। ভাইরাল অডিওটি সম্পূর্ণ ভুয়ো এবং এআই দ্বারা তৈরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *