উন্নয়নের সংলাপ পৌঁছল প্রত্যন্ত গোপানগরে, তপন বিধানসভা পুনরুদ্ধারে আশাবাদী তৃণমূল

নিজস্ব সংবাদদাতা , বালুরঘাট: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নের বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে সারা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে চলছে ‘উন্নয়নের সংলাপ’ কর্মসূচি। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে শুক্রবার দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের প্রত্যন্ত গোপানগর এলাকায় পৌঁছলেন তৃণমূল নেতৃত্বরা।এদিন তপন পঞ্চায়েত সমিতির সভাপতির নেতৃত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন বালুরঘাট ব্লক তৃণমূল সভাপতি মলয় মণ্ডল, জেলা পরিষদ সদস্য অশোক কৃষ্ণ কুজুর, বালুরঘাট ব্লক আইএনটিটিইউসি সভাপতি রাজীব দাস-সহ দলের অন্যান্য নেতৃত্ব। স্থানীয় এক মন্দিরে পুজো দিয়ে দিনের কর্মসূচির সূচনা হয়। এরপর বাড়ি বাড়ি প্রচার, পথসভা এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মধ্য দিয়ে উন্নয়নের সংলাপ কর্মসূচি পালন করা হয়।কর্মসূচি প্রসঙ্গে মলয় মণ্ডল বলেন, “তপন বিধানসভার গোপানগর এলাকায় এসে আমরা দেখছি মুখ্যমন্ত্রীর উন্নয়ন কার্যত প্রতিটি বাড়ির দুয়ারে পৌঁছে গিয়েছে। রাস্তাশ্রী, পথশ্রী-সহ একাধিক প্রকল্পের মাধ্যমে এলাকায় প্রায় সব রাস্তাই পাকা হয়েছে। দিদির জনমুখী প্রকল্পের সুবিধা মানুষ পাচ্ছেন বলেই এখানে মানুষের মুখে সন্তুষ্টির ছাপ স্পষ্ট।”তাঁর কথায়, এই জনসমর্থনই আগামী দিনে তপন বিধানসভা পুনরুদ্ধারে তৃণমূলকে আশাবাদী করে তুলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *