উত্তর-পূর্বের রঙে রাঙা বালুরঘাট, ফ্রেন্ডস ইউনিয়ন ময়দানে পাঁচ দিনের স্বদেশী মেলা।

নিজস্ব সংবাদদাতা, ১৪ ফেব্রুয়ারি, বালুরঘাট :বাঁশ-বেতের কারুকাজ, পাহাড়ি মশলার গন্ধ, আর লোকশিল্পের মেলবন্ধনে যেন উত্তর-পূর্ব ভারতের এক টুকরো ছবি নেমে এসেছে বালুরঘাটে। শনিবার থেকে দক্ষিণ দিনাজপুর জেলার শহর জুড়ে সেই আবহ। বালুরঘাট শহরের ফ্রেন্ডস ইউনিয়ন ময়দান প্রাঙ্গণে শুরু হল পাঁচ দিনের স্বদেশী মেলা, যা চলবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত।সরকারের উত্তর-পূর্ব উন্নয়ন দপ্তরের উদ্যোগে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। উপস্থিত ছিলেন তপন বিধানসভার বিধায়ক বুধরাই টুডু, গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়-সহ একাধিক জনপ্রতিনিধি। উদ্বোধনী মঞ্চ থেকেই কয়েক জন দিব্যাঙ্গ ব্যক্তির হাতে সহায়ক সামগ্রী তুলে দেন মন্ত্রী।মেলার মূল আকর্ষণ উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যের হস্তশিল্প। ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়-সহ একাধিক রাজ্য থেকে আসা শিল্পীরা বাঁশ ও বেত দিয়ে তৈরি নানান সামগ্রী নিয়ে হাজির হয়েছেন। ঝুড়ি, আসবাব, শৌখিন সামগ্রী থেকে শুরু করে দৈনন্দিন ব্যবহারের জিনিস—সবেতেই ফুটে উঠছে উত্তর-পূর্বের নিজস্ব নকশা ও ঐতিহ্য। ক্রেতাদের সঙ্গে সরাসরি কথোপকথনে ব্যস্ত শিল্পীরা।উদ্বোধনী ভাষণে সুকান্ত মজুমদার বলেন, পশ্চিমবঙ্গে এই ধরনের স্বদেশী মেলা এই প্রথম। উত্তর-পূর্ব ভারত উন্নয়ন পর্ষদের সহায়তায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর কথায়, “বাঁশ ও বেতের কাজ কেবল শিল্প নয়, আত্মনির্ভরতার শক্ত ভিত।” আগামী দিনে বালুরঘাটে বাঁশ ও বেতের কারিগরি শেখানোর জন্য একটি প্রশিক্ষণ কেন্দ্র খোলার পরিকল্পনার কথাও জানান তিনি।প্রথমবার এমন আয়োজন হওয়ায় শহরবাসীর উৎসাহ চোখে পড়ার মতো। সন্ধ্যা নামতেই ভিড় বাড়ছে মেলা প্রাঙ্গণে। শিল্প, স্বাদ আর সংস্কৃতির এই মিলনমেলায় আপাতত বালুরঘাট যেন উত্তর-পূর্ব ভারতেরই এক প্রাণবন্ত প্রতিচ্ছবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *