আমাদের পাড়ার পরামর্শে পথশ্রী— মনিপুর সংসদে রাস্তার কাজের শুভসূচনা

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট :
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া আমাদের পাড়া, আমাদের সমাধান প্রকল্প গ্রামাঞ্চলের উন্নয়নে নতুন দিশা দেখাচ্ছে। প্রতি বুথে ১০ লক্ষ টাকা বরাদ্দ করে সাধারণ মানুষের মতামতকে অগ্রাধিকার দেওয়ায় ইতিমধ্যেই একাধিক উন্নয়নমূলক কাজ গতিতে এসেছে। সেই তালিকায় এবার নাম উঠল বালুরঘাট ব্লকের গোপালবাটি গ্রাম পঞ্চায়েতের মনিপুর সংসদের।বৃহস্পতিবার ওই এলাকায় জগদীশ মণ্ডলের বাড়ি থেকে বিপুল বর্মনের বাড়ি পর্যন্ত প্রায় ১০৭ মিটার রাস্তা তৈরির কাজের উদ্বোধন করলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সদস্য অশোক কৃষ্ণ কুঁজুর। প্রায় পাঁচ লক্ষ টাকার ব্যয়ে তৈরি হবে এই রাস্তা।
দীর্ঘদিন ধরে কাঁচা রাস্তার জন্য চরম ভোগান্তিতে ছিলেন এলাকাবাসী। বর্ষা নামলেই কাদা ও জলজমাট পথ দিয়ে চলাচল দুঃসহ হয়ে পড়ত। গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ— একাধিক দফায় দরবার করেও মিলছিল না স্থায়ী সমাধান। অবশেষে আমাদের পাড়া, আমাদের সমাধান কর্মসূচিতে এলাকাবাসীরাই প্রথম অগ্রাধিকার দিয়ে এই রাস্তা তৈরির প্রস্তাব দেন। সেই প্রস্তাবই মান্যতা পেয়েছে রাজ্য সরকারের তরফে।উদ্বোধনী অনুষ্ঠানে অশোক কুঁজুর বলেন, “মাননীয়া মুখ্যমন্ত্রী এমন এক প্রকল্প চালু করেছেন যেখানে এলাকার উন্নয়নের সিদ্ধান্ত নিচ্ছেন এখানকার বাসিন্দারাই। সরকারি আধিকারিকদের হস্তক্ষেপ ছাড়াই মানুষের মতামতকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে।” তিনি মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রকল্পটিকে ‘ভারতবর্ষে নজিরবিহীন’ বলেও মন্তব্য করেন।এলাকাবাসীর বক্তব্য, এই রাস্তাটি তৈরি হলে বহু বছরের দুর্ভোগ থেকে মুক্তি মিলবে। তাঁদের দাবি— “এবার সত্যিই আমাদের কথার দাম মিলেছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *