অনাস্থা বৈঠকে সিল, ইস্তফা গৃহীত—অভিভাবকহীন বালুরঘাট পুরসভা

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্রের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব ঘিরে চলা টানাপড়েনের অবসান হল শুক্রবার। ১০ জানুয়ারি পুরসভার সুবর্ণ তট সভাগৃহে অনুষ্ঠিত হল অনাস্থা বৈঠক। ২৫ জন কাউন্সিলরের মধ্যে ২৩ জনই হাজির ছিলেন ওই বৈঠকে।উল্লেখ্য, গত ১৯ ডিসেম্বর ১৪ জন কাউন্সিলর মহকুমা শাসকের কাছে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেন। তার পর দীর্ঘ টালবাহানার মধ্যে ৩১ ডিসেম্বর অশোক মিত্র নিজেই মহকুমা শাসকের কাছে ইস্তফাপত্র জমা দেন। নিয়ম অনুযায়ী ৫ জানুয়ারির মধ্যে অনাস্থা বৈঠক ডাকার কথা থাকলেও তা না হওয়ায় এবং পুরসভায় ভাইস চেয়ারম্যানের পদ শূন্য থাকায়, শেষ পর্যন্ত ৬ জানুয়ারি তিন জন কাউন্সিলর বৈঠক ডাকার উদ্যোগ নেন। সেই বৈঠকই এ দিন অনুষ্ঠিত হল।বৈঠক শেষে অশোক মিত্র বলেন, তাঁর বিরুদ্ধে সহকর্মীরাই অনাস্থা এনেছিলেন এবং সেই প্রেক্ষিতেই দেওয়া ইস্তফাপত্র এ দিন গৃহীত হয়েছে। পুরসভার আধিকারিক অজয় কুমার প্রসাদ জানান, অনাস্থা বৈঠকের পাশাপাশি চেয়ারম্যানের ইস্তফাপত্রও আনুষ্ঠানিক ভাবে গ্রহণ করা হয়েছে।এর ফলে আপাতত চেয়ারম্যানশূন্য হল বালুরঘাট পুরসভা। নিয়ম অনুযায়ী আগামী সাত দিনের মধ্যে নতুন চেয়ারম্যান নির্বাচনের জন্য বৈঠক ডাকার দায়িত্ব বর্তায় বিদায়ী চেয়ারম্যানের উপরই। প্রশ্ন উঠছে, আগের মতো নীরবতা বজায় থাকবে, না কি দলীয় নির্দেশ মেনে সময়মতো বৈঠক ডাকা হবে—সেই দিকেই এখন তাকিয়ে শহর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *